ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ ১৬ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। বেলা ১১টা ২৩ মিনিটে মামলার রায় ঘোষণা করেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মামুনুর রশীদ। রায়ে বাদীপক্ষের আইনজীবীরা সন্তোষ জানালেও রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান আসামিপক্ষের আইনজীবীরা।
বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে নুসরাত জাহান রাফি হত্যা মামলার সব আসামিকে আদালতে নেয়া হয়। বেলা ১১টা ৩ মিনিটে রায় পড়া শুরু করেন বিচারক মামুনুর রশীদ। মাত্র ২০ মিনিটে রায় ঘোষণা করা হয়।
রায় ঘোষণার পর পরই পুরো আদালত চত্ত্বরে স্বস্তি নেমে আসে। মাত্র ৬১ কার্যদিবসের মধ্যে বিচারকাজ শেষে রায় ঘোষণার পর সন্তাষ জানিয়ে বাদী পক্ষের আইনজীবীরা বলেন, নারী নির্যাতনকারীরা যতই প্রভবশালী হোক কেউই আইনের উর্ধ্বে নয়। তবে রায়ে সন্তুষ্ট নয় জানিয়ে উচ্চ আদালতে আপিলের কথা জানান আসামি পক্ষের আইনজীবীরা।
ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করায়, গত ৬ এপ্রিল নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয় অধ্যক্ষের অনুসারীরা। এ ঘটনায় ৮ এপ্রিল সোনাগাজী থানায় মামলা করেন নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল মারা যান নুসরাত।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























