সাত বছরেও সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ না হওয়ায় ক্ষুব্ধ হাইকোর্ট। ৬ নভেম্বর তলব করা হয়েছে মামলার তদন্ত কর্মকর্তাকে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন। তবে, এই হত্যা মামলার তদন্তের জন্য প্রয়োজনে আরও অপেক্ষার পরামর্শ দিচ্ছেন অ্যাটর্নি জেনারেল।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি। রাজধানীর পশ্চিম রাজাবাজারে, নিজ বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর-রুনি। ৪ দিনের মাথায় মামলান দায়িত্ব যায় ডিবির কাছে। ৬২ দিনের মাথায় তারা আদালতে ব্যর্থতা স্বীকার করলে তদন্তের দায়িত্ব পায় র‍্যাব।এর পর পরই কবর থেকে মরদেহ তুলে আবারও করা হয় ময়নাতদন্ত ও ভিসেরা পরীক্ষা। বেশ কজন গ্রেপ্তার হলেও এগোয়নি তদন্ত। তারপর কেটেছে সাড়ে সাত বছর। চলতি বছরের পহেলা অক্টোবর পর্যন্ত ৬৮ বার তদন্ত শেষ করতে সময় নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ১৪ নভেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নতুন দিন ঠিক করে ঢাকা মহানগর হাকিম আদালত।রোববার হয়েছে আসামির তালিকা থেকে তানভীর রহমানের নাম প্রত্যাহার চেয়ে করা আবেদনের শুনানি। এসময় এখনও মামলার তদন্ত শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট। শুনানিতে আইনজীবী বলেন, তদন্ত আটকে থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে তানভীরের।

রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা মাহবুবে আলম বলছেন, অপরাধ সংগঠনের ওপর নির্ভর করে কোন মামলার তদন্ত কত দ্রুত হবে। সাড়ে সাত বছর পার হলেও সাগর রুনি হত্যা মামলার তদন্তের জন্য আরও অপেক্ষার আহ্বান তার।এছাড়া, তানভীরের ক্ষেত্রে মামলার কার্যক্রম কেন বাতিল হবে না জানতে চেয়ে দুই সপ্তাহের রুল দিয়েছে আদালত। ২০১২ সালের ১ অক্টোবর তানভীর রহমানকে গ্রেপ্তার করা হয়। দুই বছর কারাগারে থাকার পর জামিন পান তিনি।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে