রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কেনাকাটায় দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। দুদকের উপ-পরিচালক নাসির উদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের অনুসন্ধান দল গঠন করা হয়েছে।
এই অনুসন্ধান দলের অপর দুই সদস্য হলেন দুদকের সহকারী পরিচালক মো. আতিকুর রহমান ও উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ।অনুসন্ধান টিম প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে কমিশনে প্রতিবেদন জমা দেবে।অভিযোগ রয়েছে, পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের থাকার জন্য নির্মিত বহুতল ভবনের ফ্ল্যাটগুলোর জন্য এক হাজার ৩২০টি বালিশ কেনা হয়েছে, যার প্রতিটির মূল্য দেখানো হয়েছে প্রায় ছয় হাজার টাকা। প্রতিটি বালিশ নিচ থেকে উপরে বহন করার খরচ দেখানো হয়েছে ৭৬০ টাকা।
রূপপুরে আসবাবপত্র কেনাকাটা এবং সেগুলো বহনে এমন দুর্নীতির অভিযোগ উঠলে, তা প্রাথমিকভাবে যাচাই করে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।
তথ্যঃ ডিবিসি
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























