বরিশালের পর চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ করল বিএনপি। সমাবেশে কারাবন্দি খালেদা জিয়াকে মুক্ত করতে নেতাকর্মীদের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে গণঐক্য তৈরির আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে সরকার পতনের আন্দোলন জোরদার করারও আহ্বান জানিয়েছেন তিনি।
২৭ শর্তে চট্টগ্রামের দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে সমাবেশের অনুমতি পায় বিএনপি। শনিবার দুপুরের আগেই নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা।সমাবেশে স্থানীয় নেতাদের পাশাপাশি বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। খালেদা জিয়াকে মুক্ত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সরকার জনগণ ও গণতন্ত্রকে ভয় পায় বলেই জোর করে ক্ষমতা চেপে বসে আছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
রোহিঙ্গা প্রসঙ্গও উঠে আসে বিএনপি নেতাদের বক্তব্যে। এই সংকটকে চট্টগ্রাম অঞ্চলের জন্য বড় সমস্যা উল্লেখ করে আশ্রয় নেয়াদের ফেরত পাঠাতে সরকারের ব্যর্থতার অভিযোগ তোলেন তারা। এছাড়া, বন্যা মোকাবিলায় সরকারের পদক্ষেপ যথেষ্ট নয় বলেও দাবি করেন বিএনপি নেতারা।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























