রাজধানীতে ডেঙ্গু ও চিকনগুনিয়াসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে মশা নিধনে ঢাকার দুই সিটি কর্পোরেশনকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির মেয়রদের এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।
বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর বেঞ্চ আজ রোববার (১৪ জুলাই) স্বতঃপ্রণোদিত রুলসহ এই আদেশ দেন। দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার প্রতিবেদক আমলে নিয়ে তারা এই নির্দেশ দেন। ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা ২২ জুলাইয়ের মধ্যে দুই সিটি করপোরেশনসহ বিবাদীদের জানাতে বলা হয়েছে। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মাধ্যমে পদক্ষেপের বিষয়ে জানাতে বলা হয়েছে।এ ধরনের রোগ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ (দায়ী) ব্যক্তিদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়র, দুই প্রধান নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্যসচিব, এলজিআরডি সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমতুল করীম, সহকারী অ্যাটর্নি জেনারেল জায়েদী হাসান খান ও সায়েরা ফাইরুজ।সহকারী অ্যাটর্নি জেনারেল জায়েদী হাসান বলেন, আদালতের আদেশের বিষয়টি অবিলম্বে দুই সিটি করপোরেশনের মেয়রকে জানাতে বলেছেন হাইকোর্ট।
তথ্যঃ বৈশাখী
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























