আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-০৩ আসনের সাংসদ মাহবুবুল আলম হানিফ এমপি বলেছেন, জিয়াউর রহমান কখনো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছিলেন না।
’৭৫ এ জাতির পিতাকে হত্যার পর তার কর্মকাণ্ডে সেটা প্রমাণিত হয়েছে। জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন না, ঘোষণার সময় তিনি তিন নম্বর পাঠক ছিলেন এ কথা উল্লেখ করে হানিফ বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেটা ২৬ মার্চ সকাল থেকে সারাদেশের আওয়ামী লীগের জেলা পর্যায়ের নেতাকর্মীরা মাইকিং করে প্রচার করেছিলেন। এদিন সকালে চট্টগ্রাম কালুরঘাট বেতারকেন্দ্র থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন। শনিবার কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্মের উত্তরে তিনি এসব কথা বলেন।
হানিফ আরও বলেন, ২৭ মার্চ কালুরঘাট বেতারকেন্দ্রে স্বাধীনতার ঘোষণা পাঠ করানোর জন্য একজন সামরিক কর্মকর্তা হিসেবে জিয়াউর রহমানকে আওয়ামী লীগ নেতাসহ সাধারণ মানুষ অনেকটা জোর করে ধরে নিয়ে গিয়েছিলেন। মূল লক্ষ্য ছিল ঘোষণার পর যাতে পাকিস্তান সৈন্যবাহিনীতে যেসব বাঙালি সেনা কর্মকর্তা ও সেনা সদস্য ছিলেন তারা যেন পাকিস্তান ত্যাগ করে আমাদের স্বাধীনতার পক্ষে অংশ নেন। এসময় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রিতম মজুমদার
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























