নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, ভোটারদের নির্বাচন থেকে বিমুখ হওয়া ‘গণতান্ত্রিক দেশ ও জাতির জন্য অশনিসংকেত’। তিনি বলেন, কর্তৃত্ববাদী শাসনের অনিশ্চিত গন্তব্যে বাংলাদেশ।’
পঞ্চম ধাপ ও শেষধাপে ২০টি উপজেলায় নির্বাচন শেষে বুধবার (১৯ জুন) সংবাদ সম্মেলনে মাহবুব তালুকদার এসব কথা বলেন। তিনি বলেন, ‘স্থানীয় সরকারে বহিরাগতের হস্তক্ষেপের অবকাশ নেই। আচরণবিধি না মেনে স্থানীয় নির্বাচনে সাংসদদের হস্তক্ষেপ হয়েছে। তাই নির্বাচন সংবিধান সম্মত হয়েছে কিনা তা প্রশ্ন থেকে যায়’।সংবাদ সম্মেলেনে এই নির্বাচন কমিশনার বলেন, বিএনপি নির্বাচনে অংশ না নেয়ায় উপজেলা নির্বাচন ছিলো একতরফা। ’লিখিত বক্তব্যে তিনি জানান, ‘উপজেলা নির্বাচন সংসদ সদস্যদের আওতামুক্ত না হলে তা কখনও অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হতে পারে না। তাদের উপদেষ্টার ভূমিকা উপজেলা পরিষদের কৌলীন্য বিনষ্ট করেছে। কোনও কোনও সংসদ সদস্য আচরণবিধি লঙ্ঘন করায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বা সংসদ সচিবালয়ের পক্ষ থেকে চিঠি পাঠিয়ে তাদের নিবৃত্ত করার চেষ্টা করতে হয়েছে।’মাহবুব তালুকদার জানান, বিরোধী দলগুলো অংশগ্রহণ না করায় এবারের উপজেলা পরিষদ নির্বাচন ছিল একতরফা। এমন নির্বাচন গণতন্ত্রের জন্য শুভ নয়। গণতন্ত্রের অর্থ হচ্ছে ক্ষেত্রবিশেষে সংখ্যাগরিষ্ঠের অভিমত এবং তা বহুত্ববাদের ভেতর থেকে উৎসারিত হতে হয়।
তার মতে, একতরফা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠের কোনও অভিব্যক্তি প্রতিফলিত হয় না বলে এর কোনও ঔজ্জ্বল্য থাকে না। নির্বাচনে সকল দলের অংশগ্রহণের ক্ষেত্র তৈরিতে উপযুক্ত পরিবেশ অপরিহার্য। কিন্তু আমরা ক্রমাগত একতরফা নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছি, যা গণতন্ত্রের জন্য অনভিপ্রেত।সংবিধান অনুযায়ী মুক্ত স্বাধীন উপজেলা পরিষদের কার্যকারিতা দেখতে চান তিনি।
তথ্যঃ বৈশাখী
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























