ঢাকা, বুধবারঃ তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপি’র উদ্দেশ্যে বলেছেন, ‘আন্দোলন নয়, খালেদা জিয়ার মুক্তির জন্য আইনী পথে থাকুন।’
আজ দুপুরে রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ ইউনিভার্সিটি চত্বরে বিশ্ববিদ্যালয়টি সাম্প্রতিক এক বেসরকারি   জরিপে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান লাভ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষে সমসাময়িক রাজনীতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের  উত্তরে মন্ত্রী একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনের মাধ্যমে সরকার পতনের যে ডাক দিয়েছেন, তেমন ঘোষণা আমরা বহুদিন ধরেই শুনছি। এছাড়াও বিএনপি গত দশ বছর ধরেই কখনো রমজানের পর, কখনো ঈদের পর, বার্ষিক পরীক্ষার পর, বর্ষার পর বা গরম একটু কমলে পর- আন্দোলনের ডাক দিয়ে আসছে, যা এখন জনগণের কাছে হাস্যরসের বিষয় হয়ে উঠেছে।’ 

‘বিএনপি’কে আমি বলবো, আন্দোলনের পথ ছেড়ে খালেদা জিয়ার মুক্তির জন্য আইনী পথে থাকুন’ উল্লেখ করে ড. হাছান বলেন, ‘ইতোমধ্যে এপথে কিছু সফলতাও এসেছে, কয়েকটি মামলায় বেগম জিয়া জামিনও পেয়েছেন। অতএব, আন্দোলন নয়, খালেদা জিয়ার মুক্তির জন্য আইনী পথে থাকুন।’  
 
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, আন্তর্জাতিক অংগনে স্বীকৃতি ও দরিদ্র শিক্ষার্থীর প্রশ্নে মন্ত্রী বলেন, ‘আমার বিদেশে শিক্ষাগ্রহণের অভিজ্ঞতা থেকে বলবো, যোগাযোগের অভাবে আন্তর্জাতিক অংগনে স্বীকৃতির দিক থেকে পিছিয়ে থাকলেও, এদেশের সরকারি-বেসরকারি সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নত। এবং সকল বিশ্ববিদ্যালয়েই মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা রয়েছে, তবে তা আরো বাড়ানোর জন্য আমার অনুরোধ রইলো।’
 
এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দের উদ্দেশ্যে বক্তৃতাকালে তাদের অর্জনকে অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, ‘স্বপ্ন ও প্রচেষ্টার সমন্বয়ে মানুষ যে অপরিমেয় শক্তি অর্জন করে, তা ইলেক্ট্রো-ম্যাগনেটিক শক্তির মতই বিপুল। এর মাধ্যমেই আসে সাফল্য।’ 
 
নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য  অধ্যাপক আতিক ইসলাম, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ হাশেম, উপ-উপাচার্য অধ্যাপক ড. জি ইউ আহসানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দের উপস্থিতিতে  তথ্যমন্ত্রী এসময় পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন ও শিক্ষার্থীবৃন্দের মনোজ্ঞ শৈলী প্রদর্শন উপভোগ করেন।

 নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে