ট্যানারির বিষাক্ত বর্জ্য দিয়ে হাঁস-মুরগী ও মাছের খাবার তৈরির দায়ে ৬ কারখানাকে ২৪ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। রাতে অভিযান চালিয়ে এসব কারখানা সিলগালা করার পাশাপাশি ৩ মালিকসহ ১০ জনকে দেয়া হয়েছে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড।
২০১৭ সালের জুলাইয়ে ট্যানারি বর্জ্য দিয়ে হাঁস-মুরগী ও মাছের খাবার উৎপাদন বন্ধের চূড়ান্ত আদেশ দেয় উচ্চ আদালত। এরপরও তা থামেনি। আইন অমান্যকারি এসব কারখানাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নামে মৎস্য ও পশু অধিদপ্তর এবং র্যাবের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত চলে অভিযান। ৬ কারখানার ৩ মালিক, ২ কারিগরসহ আটক করা হয় ১০ জনকে। জব্দ করা ২ হাজার ৮০০ টন পোল্ট্রি খাবার।
তবে বর্জ্য দিয়ে নয় গরুর চামড়া দিয়ে খাবার উৎপাদন করছে বলে দাবি শ্রমিক ও মালিকপক্ষের। ৬ কারখানা সিলগালা করার পাশাপাশি জরিমানা করা হয় ২৪ লাখ টাকা। খাবার উৎপাদনের জন্য ব্যবহৃত এসব বর্জ্যে রয়েছে ক্রোমিয়াম এর মতো বিষাক্ত উপাদান। যা মানবদেহে ক্যান্সার সৃষ্টি করে। ভবিষ্যতে কেউ এ ধরনের কারখানাকে বাড়িভাড়া দিলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানায় র্যাব।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























