ভারতে লোকসভা নির্বাচনে টানা দ্বিতীয় মেয়াদে জয়ী, নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছে নানা রাজনৈতিক দল। শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগের প্রত্যাশা এবার তিস্তাসহ নানা অমীমাংসিত সমস্যার দ্রুত সমাধান করবে মোদি সরকার। এই নির্বাচনে গণতন্ত্রের জয় দেখছে বিএনপি।
পাশ্ববর্তী দেশ ভারতের নির্বাচন নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দল ও নেতাদের ব্যাপক আগ্রহ ছিলো। নির্বাচনে ৫৪২ আসনের মধ্যে ৫৩৯টির আনুষ্ঠানিক ফল ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন। এর মধ্যে ৩০২টি আসন পেয়েছে বিজেপি। ফল প্রকাশের পরপরই নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছে বিশ্ব নেতারা।
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রত্যাশা করেন, মোদির টানা দ্বিতীয় মেয়াদে তিস্তাসহ নানা অমীমাংসিত সংকটের দ্রুত সমাধান হবে। সিলেটে নিজ বাসায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের ৫৪টি অভিন্ন নদীসহ বেশ কিছু সমস্যার সমাধান খুবই জরুরি। তিনি মনে করেন মোদী সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্বিপক্ষীয় সমস্যার দ্রুত সমাধান সম্ভব।
এদিকে নিনঙ্কুশ বিজয়ে নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে লন্ডন থেকে চিঠি পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বিজেপি জোটের জয়ে ভবিষ্যতে দুদেশের সম্পর্ক আরো শক্তিশালী হবে বলে করছেন দেশের রাজনৈতিক নেতারা।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























