সংসদে গিয়ে খালেদা জিয়ার মুক্তি ইস্যুতে সোচ্চার ভূমিকা রাখতে চান সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া ব্যারিস্টার রুমিন ফারহানা। এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেয়ায়, শূন্য হয়ে যাওয়া বগুড়া- ৬ আসনে উপনির্বাচনে অংশ নেয়া নিয়ে এখনো দ্বিধায় আছে বিএনপি।

একাদশ সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের ব্যানারে ছয়টি আসন পায় বিএনপি। তবে, কৌশলের কথা বলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বাকিরা শপথ নেন। এতে নিয়ম অনুযায়ী সংসদে সংরক্ষিত একটি নারী আসন পাচ্ছে বিএনপি। সংরক্ষিত আসনে দলের মনোনয়ন পেতে বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানাসহ অন্তত চারজন এগিয়ে ছিলেন। তবে শেষপর্যন্ত মনোনয়ন পেয়েছেন রুমিন ফারহান। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী সংরক্ষিত এ আসনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল সোমবার। দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন রুমিন ফারহানা। পরে তিনি জানান, সংসদে গিয়ে সুযোগের সর্বোচ্চ ব্যবহার করতে চান। বিএনপির পক্ষ থেকে সংসদে মধ্যবর্তী নির্বাচনের দাবি তোলা হবে কি-না জানতে চাওয়া হয় তার কাছে।

এদিকে বগুড়া- ৬ আসনে উপ নির্বাচনে অংশ নিতে, বিএনপির কয়েক নেতার পাশাপাশি ঐক্যফ্রন্টের আগ্রহী অনেক নেতাও প্রস্তুতি নিচ্ছেন। তবে, আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হলেও এ আসনে অংশ নেয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বিএনপি।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে