কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের বিশেষ অস্থায়ী আদালতে খালেদা জিয়ার গ্যাটকো দুর্নীতি মামলার বিচারকাজ শুরু হয়েছে। তবে, শারীরিক অসুস্থতার কারণে মামলায় হাজিরা দিতে আদালতে যাননি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এদিকে, মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, হাসপাতাল থেকে ছাড়া পেলেই কেরাণীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেয়া হবে খালেদা জিয়াকে।

খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা গ্যাটকো দুর্নীতি মামলার বিচারকাজ চলছিল পুরান ঢাকার আলীয়া মাদ্রাসা মাঠে- বিশেষ আদালতে। সোমবার জারি করা আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, গ্যাটকো দুর্নীতি মামলাসহ ১২ মামলার বিচার কার্যক্রম পরিচালিত হবে কেরাণীগঞ্জ আদালতে।মঙ্গলবার কেরাণীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে ২ নং ভবনে অস্থায়ী বিশেষ আদালত বসে। কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন থাকায় আদালতে হাজির হতে পারেননি খালেদা জিয়া। ১৮ জুন এই মামলার পরবর্তী শুনানীর দিন ধার্য করে আদালত।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল সচিবালয়ে সাংবাদিকদের বলেন, হাসপাতাল থেকে ছাড়া পেলে খালেদা জিয়াকে কেরাণীগঞ্জের কারাগারে নেয়া হবে।বর্তমানে খালেদা জিয়ার রক্তচাপ ও ডায়বেটিস নিয়ন্ত্রণে আছে। তিনি নিয়মিত রোজা রাখছেন বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে