দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ছাড়াই বিএনপির ৪ নির্বাচিত নেতা সংসদ সদস্যের শপথ নিয়েছেন। সংসদ সচিবালয়ে স্পিকারের কার্যালয়ে সন্ধ্যা ছয়টার দিকে স্পিকার শিরিন শারমীন চৌধুরীর কাছে তারা শপথ নেন।
শপথ নেয়া চারজন হলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার। এতে বিএনপির নির্বাচিতদের মধ্যে শপথ নেওয়া থেকে বিরত থাকলেন শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শপথের আগে সংসদ সচিবালয়ে সাংবাদিকদের তারা জানান, দল ও দলের প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মতিতেই তারা সংসদে যোগ দিচ্ছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত ৬ জনের মধ্যে গত বৃহস্পতিবার প্রথম এমপির শপথ নেন ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান। এ কারণে শনিবার তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
তবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নিতে সাংবিধানিক কোনো বাধা নেই। দল বহিষ্কার করলেও বহাল থাকবে সংসদ সদস্য পদ।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























