বিএনপির নির্বাচিত ছয় সংসদ সদস্য শপথ নেবেন না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মওদুদ বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। অনুষ্ঠানে মহাসচিব মির্জা ফখরুল বলেন, বিএনপি ভাঙার ষড়যন্ত্র কখনোই সফল হবে না।খালেদা জিয়াকে নিয়ে লেখা একটি বইয়ের প্রকাশনা উৎসবের আয়োজন করে শত নাগরিক। অনুষ্ঠানে খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের নানা স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন বিএনপি নেতারা। প্রকাশনা উৎসবে উঠে আসে একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী, বিএনপির ছয় নেতার শপথ প্রসঙ্গ। দলীয় নেত্রীকে কারাগারে রেখে শপথ আলোচনার কোনো সুযোগ নেই বলে জানান গয়েশ্বর চন্দ্র রায়। এরপর পরই বিএনপি নেতা মওদুদ আহমদ জানান, শপথ না নেয়ার সিদ্ধান্তের কথা। শিগগিরই এ সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে মির্জা ফখরুল দাবি করেন, বিএনপি ভাঙ্গার ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে কিন্তু কখনো সফল হয়নি, হবেও না। চলমান প্রেক্ষাপটে নেতা-কর্মীদের হতাশ না হওয়ারও আহ্বান জানান তিনি। খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলনের কোনো বিকল্প নেই বলেও জানান বিএনপি নেতারা।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে