‘বেগম জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য অবান্তর ও অমূলক, কারণ বেগম জিয়া আবেদন না করলে প্যারোল বিবেচনারই সুযোগ নেই’, বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।

মন্ত্রী আজ দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ আয়োজিত যুব সম্মেলন ২০১৯ উদ্বোধনে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন। ড. হাছান মাহমুদ বলেন, ‘বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে দন্ডপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন। তিনি আবেদন করলেই শুধু সেটি বিবেচনা করার সুযোগ আছে। বেগম খালেদা জিয়া নিজে যদি না চান, তার আগে তাকে মুক্তি দেয়ার বিষয়টি বিবেচনারই কোনো সুযোগ নেই বা তাকে সরকার প্যারোলে মুক্তি দেয়ার কোনো চিন্তাভাবনা করছে এমনও নয়।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়ার মতামতকে গুরুত্ব দিতে হবে -মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য অবান্তর ও অমূলক। কারণ এখানে বেগম জিয়ার মতামতের বিষয় নেই, তিনি আবেদন করলেই শুধু তা বিবেচনার সুযোগ থাকে।’ এসময় বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি নেতাদের বক্তব্য সংক্রান্ত প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান বলেন, ‘আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই মির্জা ফখরুল ইসলাম, রিজভী, খন্দকার মোশাররফসহ তাদের অনেক নেতারা যেভাবে কথা বলছে মনে হয় তারা এক এক জন বিশেষজ্ঞ ডাক্তার। যিনি রোগী তিনি বলছেন আগের চেয়ে অনেক ভালো অনুভব করছেন, তার চিকিৎসা ভালো হচ্ছে। আর যারা নেতা তারা বলছেন এখানে ভালো চিকিৎসা হবে না!’

‘বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আমাদের দলের সাধারণ সম্পাদককে স্কয়ার হাসপাতাল অতিক্রম করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালেই নিয়ে যাওয়া হয়েছে। এবং সেখানে যে বিশ্বমানের চিকিৎসা রয়েছে সেটি সিঙ্গাপুর এবং ভারত থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররাও বলেছেন।’‘বেগম জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে রাজনীতি বাঞ্ছনীয় নয়’ বলেন ড. হাছান মাহমুদ।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে