চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফলেও আধিপত্য দেখিয়েছে আওয়ামী লীগ। রোববার পাঁচ বিভাগের ২২ জেলার ১০৭টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কারচুপির অভিযোগে কুমিল্লার তিতাস উপজেলায় ভোট স্থগিত করে কমিশন। এই ধাপে আওয়ামী লীগ মনোনীত ৮১ জন প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন ২৫ জন। যাদের অধিকাংশই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।
চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ১শ’০৬ উপজেলায়। এই ধাপে ১শ’০৭টি উপজেলায় ভোটগ্রহণের কথা থাকলেও আগের রাতে ব্যালট বাক্স ভর্তির অভিযোগে কুমিল্লার তিতাস উপজেলায় ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।দলীয় প্রতীকে উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি অংশ না নেয়ায় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বীতা হয় স্বতন্ত্র প্রার্থীদের। চতুর্থ ধাপে নৌকা প্রতীকে বর্তমান ক্ষমতাসীন দল থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ৮১ জন। এদের ৪১ জন বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন ২৫ জন। যাদের অধিকাংশই আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়।
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের এই পর্বেও ভোটাধিকার প্রয়োগের হার ছিল কম। জাতীয় নির্বাচনের পর এবার ছয়টি উপজেলায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
তথ্যঃ বৈশাখী অনলাইন
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























