চতুর্থ ধাপে ১০৭ উপজেলায় কাল ভোট। তফসিল অনুযায়ী এ দফায় ১২৮ উপজেলায় নির্বাচন হবার কথা, কিন্তু ৬টি উপজেলার নির্বাচন স্থগিত ও ১৫ উপজেলায় সব পদেই একক প্রার্থী থাকায় ভোট লাগবে না। এই ধাপে ৩৮টি উপজেলায় চেয়ারম্যান হয়েছেন বিনাভোটে। এবার ৬ উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করবে নির্বাচন কমিশন। আইনশৃঙ্খলা রক্ষায় ৫০ উপজেলায় বাড়তি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
তিন ধাপে ৩শ’ ২৬ উপজেলায় নির্বাচনের পর, চতুর্থ পর্যায়ে রোববার আরো ১শ’ ৭ উপজেলায় ভোটগ্রহণ হবে। এই ধাপে ১শ ২২ উপজেলায় নির্বাচনের তফসিল হলেও আগের তিন ধাপে স্থগিত হওয়া ৬ উপজেলা এই পর্যায়ে যুক্ত হয়। খুলনার ডুমুরিয়া, ফেনীর ছাগলনাইয়া, ময়মনসিংহের ত্রিশাল ও কুমিল্লার বরুড়া উপজেলার নির্বাচন আদালতের আদেশে স্থগিত করা হয়েছে। সহিংসতা হবে এমন শঙ্কায় পিরোজপুরের মঠবাড়ীয়া ও নোয়াখালীর কবিরহাটের নির্বাচন স্থগিত করেছে কমিশন। এছাড়া, ১৫ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এই তিন পদেই একক প্রার্থী থাকায় ভোট লাগবে না।
এই ধাপে, কক্সবাজার, পটুয়াখালী, ময়মনসিংহ, বাগেরহাট, মুন্সিগঞ্জ ও ফেনী সদর উপজেলা নির্বাচনে ইভিএম ব্যবহার হবে বলে জানান নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।১শ ৭ উপজেলায় ভোটার দুই কোটির বেশি। ভোট কেন্দ্র সাড়ে ৮ হাজার। এরমধ্যেই ৩৮ উপজেলায় চেয়ারম্যান পদে, ২২ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ও ২৬ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় তাঁরা নির্বাচিত হতে যাচ্ছেন। চেয়ারম্যান পদে নির্বাচন হতে যাওয়া ৮৪ উপজেলায় প্রার্থী ২শ ৯২ জন, ভাইস চেয়ারম্যান পদে ১শ উপজেলায় ৪শ ৮৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯৬ উপজেলায় ৩শ ৬৩ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ইসি সচিব জানান, নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে মাঠ পর্যায়ে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।রোববারের নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর দেড় লাখেরও বেশি সদস্য নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। এছাড়া ৫০টি ঝুকিপূর্ণ উপজেলায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে বলেও জানান ইসি সচিব।শনিবার মধ্যরাত থেকে ভোটগ্রহণের দিন মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে কমিশন। সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ৩১ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
তথ্যঃ বৈশাখী অনলাইন
অনলাইন নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ

























