ভোলা প্রতিনিধিঃ বাণিজ্য মন্ত্রাণায়ন সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান, সাবেক বাণিজ্য মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন,জিয়াউর রহমান ক্ষমতায় এসে স্বাধীনতা ও মুল্যবোধকে ধ্বংস করে স্বাধীনতা বিরোধীদের রাজনীতিতে স্থান দিয়েছে। স্বাধীনতা বিরোধীদের সাথে হাত মিলিয়ে তাদের মন্ত্রী বানিয়েছে। যার কারণে আজ বিএনপির এ পতন হয়েছে।
আজ শনিবার দুপুরে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে তৃতীয় দিনের মত তৃর্ণমূল পর্যায়ে কর্মীদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তোফায়েল আহমেদ আরো বলেন, ২০০১ সালে বিএনপি আবার ক্ষমতায় এসে দুশাসন চালিয়েছে। এমন কোন অপকর্ম নেই যে খালেদা জিয়ার ওই আমলে হয়নি। সে এতই দুশাসন চালিয়েছিল যার কারণে ২০০৮ সালে নির্বাচনে বিএনপি ২৮ টি আসন পেয়েছে। আর এবার পেয়েছে মাত্র ৬ টি আসন। তিনি আরো বলেন, ভোলা প্রচুর গ্যাস রয়েছে। এখানে অনেক শিল্পকারখানা গড়ে উঠবে। ভোলা হবে শিল্প নগরী, ভোলাই হবে সিঙ্গাপুর।
ভোলা সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেনের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পদাক জহিরুল ইসলাম নকীব, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ প্রমূখ।
ফয়সল বিন ইসলাম নয়ন
ভোলা নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ














