তৃতীয় ধাপে ১১৭ উপজেলায় ভোট রোববার। দ্বিতীয় ধাপের মতো এবার সহিংসতার শঙ্কা দেখছে না নির্বাচন কমিশন। ঝুঁকিপূর্ণ ১৫ উপজেলায় মোতায়েন রয়েছে বিজিবি, নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর দেড় লাখের বেশি সদস্য। এদিকে এ ধাপেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন ৩২ প্রার্থী।

তফসিল অনুযায়ী তৃতীয় ধাপে ১২৯ উপজেলায় নির্বাচনের কথা থাকলেও স্থগিত হয়েছে কক্সবাজারের কুতুবদিয়া ও চট্টগ্রামের লোহাগাড়ার ভোট। দিনাজপুর ও নরসিংদী সদরের ভোট চতুর্থ ধাপে। পলাশ, গৌড়নদী, আগৈলঝাড়া, শিবচর, ভেদরগঞ্জ, আনোয়ারা উপজেলার সব প্রার্থী নির্বাচিত হতে যাচ্ছেন বিনা প্রতিদ্বন্দিতায়। এতে রোববার ভোট হচ্ছে ১১৭ উপজেলায়। এর ৪টিতে ব্যবহার হবে ইভিএম। ১১৭ উপজেলার মধ্যে প্রতিদ্বন্দ্বী না থাকায় চেয়ারম্যান পদে ভোট হচ্ছে না ২৬টিতে। ভাইস চেয়ারম্যান পদে ৩ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট হচ্ছে না ৮ উপজেলায়।

বাঘাইছড়ি হামলার পর এ ধাপে বাড়তি নিরাপত্তা দিচ্ছে কমিশন। ঝুঁকিপূর্ণ ১৫ উপজেলায় থাকছে বিশেষ ব্যবস্থা। মাঠে থাকছে দেড় লাখের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে র‍্যাব-বিজিবি-কোস্টগার্ড, থাকছেন তিনশ ম্যাজিস্ট্রেট।এধাপে ভোট সুষ্ঠু করতে কঠোর অবস্থানে আছে নির্বাচন কমিশন। এরই মধ্যে দুই সংসদ সদস্যকে দেয়া হয়েছে এলাকা ছাড়ার নির্দেশ, না মানলে ভোট স্থগিতের হুশিয়ারি।

তৃতীয় ধাপে চেয়ারম্যান ৩২৩, ভাইস চেয়ারম্যান ৫৮৯ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৩৮৫ জন। ভোটার এক কোটি ২৩ লাখ ৫৪ হাজারের বেশি। কেন্দ্র ৯ হাজার ৩শ ৩৮টি।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে