উপজেলা নির্বাচনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার ডিসি ও এসপি কার্যালয়ে চিঠি পাঠিয়েছে কমিশন।
চিঠিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন বিশ্বাস করে মাঠ প্রশাসনের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। সেজন্য মাঠ প্রশাসনের সবাইকে সচেতন থাকার নির্দেশ কমিশনের। সব প্রার্থীর সমান সুযোগ, নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ ও ভোটের পরে নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব জেলা প্রসাশন ও আইনশৃঙ্খলাবাহিনীর।
কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোরভাবে দমনের নির্দেশও দেয়া হয়েছে চিঠিতে। জেলা প্রসাশন ও আইনশৃঙ্খলাবাহিনীর কারও দায়িত্বে অবহেলা পাওয়া গেলে ব্যবস্থা নেয়ারও হুশিয়ারি দেয়া হয়েছে।

প্রথম ধাপে ৮৩ উপজেলা নির্বাচনে ভোট গ্রহণের বাকি ৪দিন। আর প্রচার চলবে মাত্র তিন দিন। শেষ মুহুর্তে প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। আর নির্বাচন কমিশন ব্যস্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের ব্যবস্থা নিয়ে। এবার কোন ধরণের অনিয়ম সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন কমিশনাররা।
জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচন। শেষ মুহুর্তে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ে ব্যস্ত প্রার্থীরা। বিএনপি নির্বাচনে অংশ না নেয়ায় অনেক জায়গায় লড়াই হবে মূলত আওয়ামী লীগের দলীয় ও বিদ্রোহী প্রার্থীদের মধ্যে। ভোট ঘনিয়ে আসার সাথে সাথে উত্তপ্ত হয়ে উঠছে প্রচারের মাঠ। এরই মধ্যে বেশ কয়েক জায়গায় সংঘর্ষের ঘটনাও ঘেটেছে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনায় সব প্রস্ততি নেয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন। আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক পরিবেশ দেখভালে বিভিন্ন এলাকা সফর করছেন নির্বাচন কমিশনাররা। রাজশাহীতে কমিশনার রফিকুল ইসলাম জানান, ভোট নিয়ে এবার প্রশ্ন তোলার কোনো সুযোগ দেয়া হবে না। ১০’ই মার্চ প্রথম ধাপের ভোটগ্রহণ, আট মার্চ মধ্যরাত থেকে সব ধরণের প্রচার বন্ধ থাকবে। ৯ মার্চ সকাল থেকে কেন্দ্রগুলোতে পাঠানো হবে নির্বাচন সামগ্রী।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























