উড়োজাহাজ ছিনতাই চেষ্টার ঘটনায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এভিয়েশন ও নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করেন, সংশ্লিষ্টদের গাফিলতি বা সহযোগিতা ছাড়া অস্ত্র নিয়ে বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনি পার হয়ে কোন যাত্রীর পক্ষে উড়োজাহাজে ওঠা সম্ভব নয়।

তদন্ত কমিটির প্রতিবেদনে যারাই অভিযুক্ত তাদের শাস্তি নিশ্চিত করার তাগিদ দেন তারা। গেলো কয়েক বছর ধরে নিরাপত্তায় আন্তর্জাতিক মানদণ্ডে উন্নিত হতে একাধিক আন্তর্জাতিক সংস্থার তত্ত্বাবধানে কাজ করে যাচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তবে আন্তর্জাতিক টার্মিনালের তুলনায় অভ্যন্তরীন টার্মিনালে যাত্রীর দেহ তল্লাশি ও ব্যাগ স্ক্যানিংয়ের পরেও নিরাপত্তা ঘটতির অভিযোগ আছে।
নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, অভ্যন্তরীণ রুটে ভ্রমণে কেবল ছবিযুক্ত পরিচয়পত্রই যথেষ্ট নয়, আন্তর্জাতিক টার্মিনালের মতো এয়ারলাইন্সগুলোর যাত্রীদের তথ্য সংরক্ষণ জরুরি। এ বিষয়ে নিরাপত্তা বিশ্লেষক ইশফাক ইলাহী চৌধুরী বলেন, টার্মিনাল থেকে উড়োজাহাজ পর্যন্ত পৌঁছাতে বাসে যাওয়ার পথে কেউ অস্ত্রধারীকে সহযোগিতা করতে পারে। এদিকে, এভিয়েশন বিশেষজ্ঞ জাকির হাসান বলেন, একাধিক কমিটি ঘটনা তদন্ত করছে উল্লেখ করে তাদের প্রতিবেদন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাগুলো বন্ধ করার তাগিদ দেন তারা।

নিরাপত্তার স্বার্থে একই উড়োজাহাজে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যাত্রী একসাথে পরিবহন না করার পরামর্শ তাদের।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























