সড়ক-মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে শিগগিরই একটি সুপারিশমালা তৈরি করবে শাজাহান খানের নেতৃত্বে করা নতুন কমিটি। জাতীয় নিরাপত্তা কাউন্সিল কার্যকর করবে এ সুপারিশ। জনসচেতনতা কার্যক্রমের পাশাপাশি চালকের দক্ষতা বাড়ানো ও মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধে কার্যকর উদ্যোগ নেয়ার কথা জানালেন নতুন কমিটির সদস্যরা।
সড়ক-মহাসড়কে দুর্ঘটনায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছে মানুষ। কোনো অবস্থাতেই সড়ক দুর্ঘটনার লাগাম টানা যাচ্ছে না। মহাসড়কের পাশাপাশি নগর পরিবহনেও চলছে নৈরাজ্য। এখানে মালিক, চালক, যাত্রী, পথচারী কেউই মানছে না নিয়ম। এ কারণে বেড়েই চলেছে দুর্ঘটনা। জাবালে নূর পরিবহনের বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর তুমুল ছাত্র আন্দোলনের মুখে নানা উদ্যোগ নিয়েও সড়কে শৃঙ্খলা ফেরানো যায়নি। এ অবস্থায় গত ১৭ ফেব্রুয়ারি শাজাহান খানের নেতৃত্বে কমিটি গঠন করা হয়।
কমিটি প্রধান বললেন, সবপক্ষ নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে নিরাপদ সড়ক নিশ্চিত করা অসম্ভব কিছু না। মহাসড়কে দুর্ঘটনার জন্য দায়ী ধীরগতির যানবাহনগুলো নিয়েও সুপারিশ থাকবে বলে জানালেন কমিটির অন্যতম সদস্য খন্দকার এনায়েত উল্যাহ। সড়ক নিরাপদ করতে কিছু বিষয় কঠোরভাবে কার্যকর করা দরকার বলেও মত ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদকের।
কমিটির অপর সদস্য ও নিরাপদ সড়কের দাবিতে দীর্ঘদিন আন্দোলনে থাকা চিত্রতারকা ইলিয়াস কাঞ্চনের মতে, শুধু বাস-ট্রাক চালকই নয়, প্রশিক্ষণের আওতায় আনতে হবে সব ধরণের যানবাহন চালককে। যে নগরীতে সিগন্যালে চালকদের থামাতে হয় রশি টেনে, বাস থামিয়ে যাত্রী তোলার অশুভ প্রতিযোগিতা চলে যত্রতত্র, পথচারীরা হুটহাট রাস্তা পার হয়, সেই নগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে নতুন কমিটির সুপারিশ কতটা কার্যকর হবে সেটাই এখন দেখার বিষয়।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























