দেশে প্রথমবারের মতো ১৪০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম কোচ যুক্ত হচ্ছে রেলওয়েতে। এরই মধ্যে নীলফামারীতে ১৫টি কোচ পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে। শিগগিরই তা যুক্ত হবে ঢাকা-খুলনা রুটে আন্তঃনগর ট্রেন চিত্রা এক্সপ্রেসে।
লাল-সবুজ রঙের এই কোচগুলো আমদানি করা হয়েছে ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান পিটি ইন্ডাস্ট্রি কেরেতা এপি (ইনকা)-র কাছ থেকে। প্রতিষ্ঠানটির সঙ্গে ব্রডগেজের জন্য ৫০টি ও মিটার গেছের জন্য ২০০টি কোচ কেনার চুক্তি করে সরকার। প্রথম চালানের ১৫টি কোচ এখন সৈয়দপুর রেলওয়ে কারখানায়। সেখানে ইন্দোনেশিয়ার ১১ জন বিশেষজ্ঞের অধীনে পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। দ্রুত গতি চলতে সক্ষম এই কোচগুলিতে সংযোজন করা হয়েছে পরিবেশবান্ধব বায়ো টয়লেট। ফলে চলন্ত ট্রেন থেকে মলমূত্র বাইরে পড়বে না। কোচের ভেতর ও বাইরে থাকছে বিভিন্ন তথ্য প্রদর্শণের ব্যবস্থা।
ইন্দোনেশিয়া পিটি ইনকার কোয়ালিটি কন্ট্রোলের সিনিয়র ম্যানেজার বলেন, হতে পারে সেটা সৈয়দপুর কিংবা পার্বতীপুর- রেলগাড়ি কোন স্টেশনে থামছে, ভেতরে থাকা ডিসপ্লেতে তা দেখতে পাবেন যাত্রীরা এবং সঠিক গন্তব্যেই নামতে পারবেন। এতে যাত্রীরা উপকৃত হবেন।
পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় এখন সেগুলোকে নির্দিষ্ট রুটে যুক্ত করার অপেক্ষা। এসব কোচে রেলভ্রমণ হবে আরো দ্রুত ও আরামদায়ক। দ্বিতীয় চালানে আগামী মার্চে ব্রডগেজ লাইনের জন্য আরো ১৫টি কোচ দেশে পৌঁছাবে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























