তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘চকবাজারের অগ্নিকান্ড নিয়ে সরকারকে দায়ী করার অপপ্রয়াসমূলক বিএনপি’র মন্তব্য দায়িত্বজ্ঞানহীন ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য। সরকারবিরোধী আন্দোলনের নামে বিএনপি মানুষ পুড়িয়ে হত্যা করেছে, সে দায় নেতা হিসেবে বেগম জিয়া বা ফখরুল ইসলাম আলমগীর, কেউই এড়াতে পারেন না। সেগুলো এমন দুর্ঘটনা ছিলোনা, ঘটনা ছিলো। যারা মানুষ পুড়িয়ে হত্যা করে, তাদের মুখে অগ্নিকান্ড নিয়ে এমন মন্তব্য শোভা পায়না।’
শুক্রবার সকালে রাজধানীতে শিল্পকলা একাডেমির চিত্রশালা হলে অভিনয় শিল্পীসংঘের দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী বলেন, ‘মর্মান্তিক এ ঘটনায় মাননীয় প্রধানমন্ত্রী বিনিদ্র রাত কাটিয়েছেন, বারবার দিকনির্দেশনা দিয়েছেন, সরকার পূর্ণ তৎপর রয়েছে। বিরোধী দলের উচিত এধরনের দুর্ঘটনায় সরকারের পাশে দাঁড়িয়ে পরিস্থিতি মোকাবিলা করা।’
 
মন্ত্রী এসময় পাশের দেশ ভারতের উদাহরণ দিয়ে বলেন, ‘নির্বাচনের কয়েক মাস আগের সময়টিতেও  সেদেশে বিরোধীদল দুর্যোগ মোকাবিলায় সরকারের সাথে কাঁধ মিলিয়ে কাজের ঘোষণা দিয়েছে।’ এটি দুর্ঘটনা নাকি উদ্দেশ্যমূলক, এমন প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, ‘সেটি তদন্ত করে দেখা হচ্ছে, তদন্ত শেষে বেরিয়ে আসবে।’
জাতীয় ঐক্য ফ্রন্ট আহুত গণশুনানির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশ আজ মর্মাহত, শোকাহত। এমন সময়ে গণশুনানির নামে নাটক না করে তাদের উচিত মানুষের পাশে দাঁড়ানো। 
 
অভিনয় শিল্পীসংঘের  সম্মেলন উদ্বোধনী ভাষণে  মহান স্বাধীনতাযুদ্ধে অংশ নেয়া ও অনুপ্রেরণাদায়ী সকল শিল্পীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, ‘শিল্পচর্চা জাতিকে সমৃদ্ধ করে। দেশের সংস্কৃতি অঙ্গনে অভিনয়শিল্পীদের অবদান সমুন্নত রাখতে বর্তমান সরকার গগণমাধ্যমের যুগান্তকারী বিকাশ সাধনসহ বাস্তবমুখী পদক্ষেপসমূহ গ্রহণ করেছে।’ 
 
চলতি বছরে একুশে পদকপ্রাপ্ত তিন শিল্পী সুবর্ণা মুস্তফা, লিয়াকত আলী লাকী ও লাকী ইনামকে এসময় অভিনয়শিল্পী সংঘের সম্মাননা স্মারক তুলে দেন তথ্যমন্ত্রী। 
 

অভিনয়শিল্পী সংঘের সভাপতি শহিদুল আলম সাচ্চুর সভাপতিত্বে সৈয়দ হাসান ইমাম, মামুনুর রশীদ, ড. ইনামুল হক, তৌকির আহমেদ, আফসানা মিমি, মাহফুজ, তানভীন সুইটি, তানিয়া, আহসান হাবিব নাসিমসহ কয়েকশত অভিনয়শিল্পী সম্মেলনে অংশ নিচ্ছেন।

নিউজ ডেস্ক।।বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে