অমর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে জাতি। রাত ১২টা এক মিনিটে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এসময় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর স্মৃতির মিনারে ঢল নামে সর্বস্তরের মানুষের। ফুলেল শ্রদ্ধার্ঘ্যে ভরে ওঠে শহীদ মিনার।
বাংলা ভাষার জন্য বুকের রক্ত দেয়া অমর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মহান একুশের প্রথম প্রহরের আগেই শেষ হয়ে গিয়েছিলো সকল প্রস্তুতি। কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুসময় পর রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সেখানে পৌঁছলে তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। দুজনে এগিয়ে যান শহীদ বেদীর দিকে, ফুলেল শ্রদ্ধা জানান শহীদদের স্মৃতির প্রতি।
এরপর মন্ত্রীসভার সদস্য ও দলের সিনিয়র নেতাদের সাথে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে আবারও শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে শহীদ বেদীতে বিনম্র শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এছাড়া উপাচার্যের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার, তিন বাহিনী প্রধান, ভাষা সংগ্রামী ও মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
তাদের শ্রদ্ধা জানানোর পর কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদী। শ্রদ্ধা আর ভালোবাসার অর্ঘ্যে স্মরণ করা হয় ভাষা শহীদদের।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























