সড়কে নিরাপত্তা নিশ্চিত ও দুর্ঘটনা প্রতিরোধের উপায় খুঁজতে সাবেক মন্ত্রী ও শ্রমিক নেতা শাজাহান খানের নেতৃত্বে ১৫ সদস্যের কমিটি করেছে সরকার। রাজধানীর বিআরটিএ ভবনে রোববার সকালে এক সভা শেষে এ তথ্য জানান সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ১৪ কার্যদিবসের মধ্যে কমিটি প্রতিবেদন দেবে, আর সে অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার।

জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৬ তম সভা। এতে স্বরাষ্ট্র, রেল, নৌ পরিবহন এবং সড়ক মন্ত্রী, ঢাকার দুই মেয়র, পরিবহন শ্রমিক-মালিক প্রতিনিধি, নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিনিধিসহ বিভিন্ন সংস্থার সদস্যরা অংশ নেন। দুই ঘণ্টার আলোচনা শেষে সংবাদ সম্মেলনে আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানান, সড়ক ও পরিবহনের শৃংখলা আনা এবং দুর্ঘটনা রোধে আইনের প্রায়োগিক দিকে জোর দেয়া হচ্ছে। এজন্য স্বরাষ্ট্র, আইন ও রেলমন্ত্রীকে নিয়ে তিন সদস্যের কমিটি করা হয়েছে। এছাড়া, শাজাহান খানের নেতৃত্বে ১৫ সদস্যের আরেকটি কমিটি করার কথাও জানান মন্ত্রী।

সড়ক পরিবহন আইন বাস্তবায়নে মালিক-শ্রমিকরা নানা সময়ে বাধা হয়ে দাঁড়ালেও, সেই মালিক-শ্রমিকের প্রতিনিধিকে প্রধান করে গঠিত কমিটি কার্যকর ভূমিকা রাখতে পারবে কিনা… সে প্রশ্ন করেন সাংবাদিকেরা।

সড়ক মন্ত্রী বলেন, সড়কে দুর্ঘটনা প্রতিরোধে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। এতে দৃশ্যমান উন্নতির আশা করছেন তিনি। বৈঠকে ইজিবাইক আমদানি বন্ধ, প্রতিমাসে রাজধানীতে ট্রাফিক সপ্তাহ পালন, বিভিন্ন স্থানে পার্কিং স্পট নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে