দেশের জিডিপি প্রবৃদ্ধি বাড়ছে, কমছে দারিদ্র্যের হার। তবে সে অনুপাতে কমছেনা আয় বৈষম্য। অর্থনীতিবিদদের মতে, গেল ১০ বছরে আয় বৈষম্য বেড়েছে ১০ থেকে ১৬ শতাংশ। শনিবার সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে সানেমের বার্ষিক অর্থনীতিবিদ সম্মেলনে এসব কথা উঠে আসে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বৈষম্যই অন্যতম বাধা বলে মনে করেন অর্থনীতিবিদরা।
গেল তিন বছরে ৭ শতাংশের ওপরে রয়েছে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার। অতিদারিদ্র্যের হার নেমে এসেছে ১২ দশমিক ১ শতাংশে। উচ্চ প্রবৃদ্ধি হলেও এ সুবিধা ভোগ করছেন খুব কম সংখ্যক মানুষ। দেশে ধনী আরো ধনী হলেও, দরিদ্রের হাতে অর্থ থাকছে না। ফলে আয়-বৈষম্য বাড়ছেই।
সানেমের বার্ষিক সম্মেলনে আয় বৈষম্য নিয়ে উদ্বেগ জানান অর্থনীতিবিদরা। অর্থনীতিবিদদের মতে, প্রয়োজনের চেয়ে বরাদ্দ কম হওয়ায় সামাজিক নিরাপত্তা কার্যক্রম বৈষম্য কমাতে ভূমিকা রাখতে পারছে না। এজন্য কর-জিডিপি অনুপাত বাড়ানোর তাগিদ দেন তারা।

পরিকল্পনামন্ত্রী জানান, অর্থনৈতিক উন্নয়নের ছোঁয়া সবার কাছে সমানভাবে পৌঁছে দিতে কাজ করছে সরকার। এজন্য গণতন্ত্র প্রতিষ্ঠাসহ অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির ওপর জোর দেয়া হচ্ছে।
টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সরকারি বেসরকারি বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন বিশ্লেষকরা। পাশাপাশি নতুন কর্মসংস্থান তৈরির ওপর জোর দেন তারা।
নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ


























