আবারও সেন্ট মার্টিন দ্বীপকে মিয়ানমারের মানচিত্রে অন্তর্ভুক্ত দেখানোয় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। ঢাকায় মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত অং খোয়াকে তলব করে প্রতিবাদপত্র হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক দেলোয়ার হোসেনের সঙ্গে বৈঠকে বিষয়টিকে ভুল হিসেবে ব্যাখ্যা করেন অং খোয়া। দ্রুতই সরকারি ওয়েবসাইটগুলো থেকে এ বিষয়ক তথ্য সরিয়ে ফেলার আশ্বাসও দেন তিনি।

এর আগে গত বছরের ৬ অক্টোবর মিয়ানমারের সরকারি একটি ওয়েবসাইটে একই ধরনের তথ্য প্রচার করা হলে তার প্রতিবাদ জানায় বাংলাদেশ। তখন ভুল শুধরে নেয়া হলেও এ বছরের ফেব্রুয়ারিতে দেশটির আরেকটি ওয়েবসাইটে বাংলাদেশের সমুদ্রসীমার কিছু অংশকে নিজেদের মানচিত্রে দেখায় মিয়ানমার।
নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ


























