দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স অবস্থান। সে লক্ষ্যে বিভিন্ন দপ্তর-প্রতিষ্ঠানে চলছে নজরদারি,অভিযান। কিন্তু এর মধ্যেও ভালই আছেন বিআরটিএর কোটিপতি কর্মকর্তারা। দুর্নীতির অভিযোগে কারো কারো বিরুদ্ধে মামলা হলেও আইনের ফাঁক গলে পদোন্নতি-পোস্টিং সবই পাচ্ছেন। কেউ কেউ সাময়িক বরখাস্ত হলেও কমেনি দাপট। সদর দফতরে বসেই করছেন পোস্টিং ও নিয়োগ বাণিজ্য।

গাজীপুরের মীরের বাজার এলাকার তুরাগ ফিলিং স্টেশন নামের এই তেল পাম্পের মালিক বিআরটিএ সিলেট বিভাগে কর্মরত উপ পরিচালক মুহাম্মদ শহীদুল্লাহ কায়ছার। একই জায়গায় রাস্তার অপর পাশের পাম্পটিও তার। নিজ এলাকা টাঙ্গাইলের ধনবাড়ির এই পাম্পটির মালিকও তিনি। আরেকটি পাম্প আছে কালিগঞ্জে। ধনাঢ্য এই কর্মকর্তা পরিবার নিয়ে থাকেন বারিধারা দূতাবাস রোডের এই বাড়ির নিজস্ব এপার্টমেন্টে। এমন একাধিক বাড়ি আছে তার রাজধানীতে। যদিও এসব সম্পদের কাগুজে মালিক তার স্ত্রী হোসনে আরা বীনা।

বিআরটিএতে এমন সম্পদের পাহাড় গড়েছেন অনেক কর্মকর্তা-কর্মচারী। তবে দুর্নীতির মামলা না হওয়ায় অনেকেই সাধু হিসেবেই পরিচিত। আর মামলা হলেও কারো হয়নি বড় শাস্তি। সরকারি চাকরি করে কিভাবে সম্পদের এই পাহাড় গড়েছেন তিনি? এই প্রশ্নের জবাব পেতে তার কর্মস্থলে গেলে জানানো হয় তিনি ঢাকায়। আর ঢাকা থেকে বলা হয় তিনি কর্মস্থলে। টেলিফোনে যোগাযোগ করলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।

দুর্নীতি দমন কমিশনের ৫টি মামলার আসামি বিআরটিএ-এর সহকারী পরিচালক আবু আশরাফ সিদ্দিকী মান্নান। গ্রেপ্তার হয়ে তিনি কারাবন্দিও ছিলেন। কিন্তু হাইকোর্ট থেকে জামিন ও প্রশাসনিক ট্রাইব্যুনাল থেকে অব্যাহতি নিয়ে বহাল তবিয়তে চাকরি করছেন কুমিল্লায়। সহকারী পরিচালক আব্দুল হান্নানও দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। তিনি এখন আছেন সদর দপ্তরে। দুর্নীতির মামলায় জামিনে মুক্তি পেলেও সাময়িক বরখান্ত আছেন সহকারী পরিচালক এনায়েত হোসেন মন্টু। কিন্তু ঊর্ধ্বতন মহলের সাথে সখ্যের সুবাদে সদর দপ্তরে বসেই তিনি নিয়োগ ও বদলি বাণিজ্য নিয়ন্ত্রণ করেন বলে অভিযোগ। সদর দপ্তরে সংযুক্ত দুর্নীতি মামলার আরেক আসামি সহকারী পরিচালক জয়নাল আবেদীনও পোস্টিং পেতে তদবির চালাচ্ছেন।

তবে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কাউকে ছাড় দেয়া হচ্ছে না বলে দাবি বিআরটিএর এই মুখপাত্রের।বিআরটিএ কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসেব নিলেই দুর্নীতিবাজদের মুখোশ খুলে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে