রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জনগণের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তিনজন নবনিযুক্ত বিচারপতি আজ সোমবার বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। রাষ্ট্রপতি বলেন, জনগণের শেষ আস্থার জায়গা হলো আদালত।
বৈঠকে রাষ্ট্রপতির বক্তব্যকে উদ্ধৃত করে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এসব জানিয়েছেন। তিনি আরো জানান, রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতিদের অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, তারা জনগণের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা করবেন।

নবনিযুক্ত বিচারকরা হলেন- বিচারপতি জিনাত আরা, বিচাপতি আবু বকর সিদ্দিক এবং বিচারপতি মো. নূরুজ্জামান। বিচারপতি জিনাত আরা হলেন সর্বোচ্চ আদালতের দ্বিতীয় নারী বিচারপতি। রাষ্ট্রপতি গত ৮ অক্টোবর সংবিধান অনুসারে তাদেরকে আপিল বিভাগের নিয়োগ দেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























