আজ থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ। এবারে পুলিশ সপ্তাহে পদক পাচ্ছেন ৩৪৯ জন পুলিশ সদস্য। যা গত বারের তুলনায় প্রায় দ্বিগুণ। এবারই প্রথম ৬৪ পুলিশ সুপার একযোগে পদক পাচ্ছেন। বলা হচ্ছে, আইনশৃংখলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাংলাদেশ পুলিশ পদক-বিপিএম ও রাষ্ট্রপতির পুলিশ পদক-পিপিএম দেয়া হচ্ছে তাদের।
পুলিশ-জনতা ঐক্য গড়ি, মাদক-জঙ্গি নির্মূল করি এই স্লোগান নিয়ে ৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ ২০১৯। এবারের পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রী প্যারেড পরিদর্শন ও কল্যাণ প্যারেডে অংশ নেবেন। যেখানে পুলিশ সদস্যরা তাদের বক্তব্য তুলে ধরবেন।
রাজারবাগ পুলিশ লাইনসে চলছে শেষ মুহূর্ত্বের মহড়া। এবার প্যারেড অধিনায়ক থাকছেন পুলিশ সদর দপ্তরের এআইজি আবিদা সুলতানা। এ বছরে সর্বোচ্চ ৩৪৯ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতির পুলিশ পদক দেওয়া হবে। এ সংখ্যা গত বছরে ছিলো ১৮২। মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা ছাড়াও এবার সুষ্ঠুভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করায় ৬৪ জেলার পুলিশ সুপার, মেট্রোপলিটন এলাকার ক্রাইম জোনের ডিসি, রেঞ্জ ডিআইজি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই পদক তালিকায়। এজন্যে বিপিএম পাচ্ছেন ৪০ জন , বিপিএম সেবা ১০৪ জন, পিপিএম ৬২ জন এবং পিপিএম সেবা পাচ্ছেন ১৪৩ জন।
এবারের পুলিশ সপ্তাহে সারা দেশের পুলিশ কর্মকর্তারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এ মন্ত্রিপরিষদের সদস্যদের সাথে মতবিনিময় করবেন। থাকবে বিভাগীয় সমাবেশ, কুকাওয়াজ ও বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























