প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন সফল হয়েছে। এর মাধ্যমে গণতান্ত্রিক ধারা এগিয়ে যাচ্ছে। বিকেলে, গণভবনে রাজনৈতিক দলের নেতাদের সৌজন্যে আয়োজিত চা চক্রে এসব বলেন প্রধানমন্ত্রী। পরে, রাজনৈতিক দলের নেতারা, জাতীয় ঐক্য গড়ে তুলে দেশকে এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান।
একাদশ জাতীয় নির্বাচনের আগে সরকারের সাথে সংলাপে অংশ নেয়া রাজনৈতিক দল ও জোটের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে গণভবনে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চা চক্রে যোগ দিতে শনিবার বিকেল থেকেই গণভবনে আসতে থাকেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও আমন্ত্রিত অতিথিরা।
এদের মধ্যে ছিলেন জাতীয় পার্টি, জাসদ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, ইসলামিক ঐক্যজোট, যুক্তফ্রন্টসহ নির্বাচনে অংশ নেয়া বিভিন্ন রাজনৈতিক দল। তবে অংশ নেননি জাতীয় ঐক্যফ্রন্টের কোন নেতা। গণভবনের সবুজ লনে আমন্ত্রিত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনে অংশ নেয়ায় সব রাজনৈতিক দলকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বলেন, এর মাধ্যমে দেশের গণতন্ত্র এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর বক্তব্যের সারসংক্ষেপ সাংবাদিকদের জানান সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম।
চা চক্র থেকে বেরিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সরকারের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানান। তবে দেশকে এগিয়ে নিতে ভবিষ্যতেও রাজনৈতিক সংলাপ চালিয়ে যাওয়ার আহবান জানান তারা। এসময় সাংবাদিকদের সাথে কথা বলেন জাতীয় পার্টির জিএম কাদের ও বিকল্পধারার বদরুদ্দোজা চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতারা। তারা, দেশের স্বার্থে এক হয়ে কাজ করার প্রতিশ্র“তিও ব্যক্ত করেন। চা-চক্রে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যের পাশাপাশি ছিলেন মহাজোট, যুক্তফ্রন্ট ও অন্যান্য দলের নেতারা।
গণভবনের এ আয়োজনে যে ইতিবাচক ধারার সূচনা হয়েছে সেটি ধরে রেখেই আগামীতে প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন বিরোধীদলের নেতারা।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























