উত্তরা থেকে বিমানবন্দর পর্যন্ত একমুখী সড়ক ব্যবস্থা চালুর সুফল পেতে শুরু করেছে নগরবাসী। কোন সিগনালের বাঁধা ছাড়াই এই পথে যাতায়াত করছে যানবাহন। এ বছরের মাঝামাঝিতে সাতরাস্তা পর্যন্ত এই একমুখী সড়ক ব্যবস্থা চালু করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এতে যানজট অনেকটাই কমবে হবে বলে আশা করছে তারা। তবে, নগরবিদরা বলছেন, যানজট নিরসনে এই ব্যবস্থা যথেষ্ট নয়।

রাজধানীর আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর পর্যন্ত ৪ কিলোমিটার পথ। কিছুদিন আগেও যানজটের কারণে এইটুকু পথ যেতে সময় লাগত ঘন্টাখানেক। এখন লাগে মাত্র ৫ থেকে ৭ মিনিট। এই পথে সরাসরি যাতয়াতে আগে বাধা ছিল ৩টি সিগনাল। গেলো ডিসেম্বরের মাঝামাঝি এসব সিগনাল বন্ধ করে দুটি ইউটার্ন চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন- ডিএনসিসি। ফলে, একমুখি এই সড়কে এখন বাধাহীনভাবে চলছে যানবাহন।

উত্তরা থেকে তেজগাঁও সাতরাস্তা পর্যন্ত ১৮ কিলোমিটার পথের মধ্যে বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত ৮ কিলোমিটার ভিআইপি সড়ক। বাকি ৬ কিলোমিটারে সিগনাল আছে ১১টি এবং ডানে মোড় ৮টি। ব্যস্ততম এই সড়কে এসব সিগনালকে যানজটের কারণ হিসেবে চিহ্নিত করেছিলেন ঢাকা উত্তরের প্রয়াত মেয়র আনিসুল হক। এজন্য সবগুলো চৌরাস্তা এবং ডানে মোড় বন্ধ করে ১১টি ইউ টার্ন তৈরির প্রকল্প নেন ২০১৫ সালে। কিন্তু সড়কের পাশে বিভিন্ন সংস্থা থেকে জায়গার অনুমতি না পাওয়ায় ২৫ কোটি টাকার এ প্রকল্প ৩ বছর থমকে থাকে।

অবশেষে শেওড়ার ইউটার্ন বাদে গত অক্টোবরে ১০টি ইউ টার্ন করার অনুমতি পায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এরইমধ্যে উত্তরার ২টির কাজ শেষ হয়েছে। এ বছরের মাঝামাঝি আরও ৮টি ইউটার্নের কাজ শেষ করার লক্ষ্য ডিএনসিসির; এমনটাই জানান ডিএনসিসির ইউটার্ন প্রকল্প পরিচালক খন্দকার মাহবুব আলম।

নগর পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবিব বলেন, যানজট নিরসনে ইউটার্ন একটা ব্যবস্থা মাত্র। যানজট পুরোপুরি কমাতে অন্যান্য পদক্ষেপও নিতে হবে। প্রতিনিয়ত ঢাকাবাসীর কর্মক্ষমতাকে কমিয়ে দিচ্ছে যানজট, অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষতি করছে। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য ইউ টার্ন তৈরি করে একমুখী সড়ক করার এই প্রকল্প প্রাথমিক সুফল দিলে তা নগরীর অন্যত্রও করতে চায় নগর কর্তৃপক্ষ।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























