সড়ক, রেল ও নৌ পরিবহনকে নিয়ে একটি সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটি হলে যাত্রীরা এক টিকিটে তিন ধরণের পরিবহনেই যাতায়াত করতে পারবে। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক এর সভায় এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
আগারগাঁওয়ে একনেক সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ৯টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের ব্রিফ করেন। এসময় তিনি আরো জানান, অর্থ পাচার রোধে সরকার কাজ করছে। কেন্দ্রীয় ব্যাংককে এ ব্যাপারে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।
মঙ্গলবারের একনেক বৈঠকে ১৬ হাজার ৪শ’ ৩৩ কোটি টাকা ব্যয়ে ৯টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়। এগুলোর মধ্যে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নিরাপত্তায় বরাদ্দ থাকছে ১ হাজার ৩শ’ ২০ কোটি টাকা। বাড়তি এই অর্থ ব্যয় হবে সেতুর নিরাপত্তায় সেনাবাহিনীর কমম্পোজিট ব্রিগেডের জন্য। এছাড়া, রেলের জন্য ৭০টি ইঞ্জিন সংগ্রহ, কক্সবাজার লিংক রোড থেকে লাবনী মোড় পর্যন্ত চারলেন করা এবং উত্তরাঞ্চলে বিদ্যুৎ লাইন ও উপকেন্দ্র স¤প্রসারণ প্রকল্প রয়েছে।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এসব তথ্য জানান। তিনি আরো জানান, যাত্রীসেবাকে আরো সহজ করতে রেল, সড়ক ও নৌপথকে সমন্বিত ব্যবস্থাপনার আওতায় আনতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নিদের্শ দিয়েছেন। কৃষি জমি রক্ষা করে প্রকল্প গ্রহণ করারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
বিদেশে অর্থ পাচার হওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী জানান, অর্থপাচার রোধে সরকার কাজ করছে। অর্থনীতির প্রবৃদ্ধি বাড়ার সাথে সাথে এ ধরনের অপরাধও বাড়ছে বলে মন্তব্য করেন পরিকল্পনা মন্ত্রী।
নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ


























