তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘যারা মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, তারা যেনো আর ক্ষমতায় না আসে, সেদিকে সজাগ থাকতে হবে।’

সোমবার বিকেলে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।

আওয়ামী মোটর চালক লীগকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের হাতে গড়া সংগঠন হিসেবে উল্লেখ করে ১৪ বছরের সংগ্রামের জন্য অভিনন্দন জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা যখন মোটর চালকদের রাতে গাড়ি চালাবার পর দিনে বিশ্রামের জন্য নির্দেশ দিয়েছেন আর বিএনপি-জামাত তখন হরতাল-অবরোধের নামে একশ’ জনেরও বেশি মোটর চালককে পুড়িয়ে হত্যা করেছে।’

‘চট্টগ্রামে নিরীহ সিএনজি চালক, থেমে থাকা ট্রাক চালকসহ পুড়িয়ে দেবার মত নৃশংস কাজ যারা করে, তাদেরকে কোনোভাবেই জনগণ গ্রহণ কর‍তে পারেনা’, বলেন তিনি। দেশের অর্থনীতি ও পরিবহন ক্ষেত্রে মোটর চালকদের অবদান অপরিসীম, বলেন ড. হাছান মাহমুদ।বিএনপি লজ্জা পাচ্ছে ‘নির্বাচনে ভরাডুবি হওয়ায় বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চা-চক্রে যেতে লজ্জা পাচ্ছে’, বললেন তথ্যমন্ত্রী। মোটর চালক লীগের সভায় চলমান রাজনীতি প্রসঙ্গে তিনি একথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘লজ্জা পেয়ে লাভ নেই, এটি তাদের কর্মফল। তারা মনোনয়ন বাণিজ্য, প্রচারণা না চালিয়ে ঘরে বসে থাকা, এমনকি পোস্টার না লাগানো -এ ধরনের কাজের ফল তারা ভোগ করছেন। তাছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা তাদের অফিসের বাইরে দাঁড় করিয়ে রাখে, সংলাপের প্রস্তাব ভব্যহীনভাবে প্রত্যাখ্যান করে, চা-চক্রের আমন্ত্রণেও তারা সাড়া দেবেন না, এটা অস্বাভাবিক নয়’, উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘তাদের (বিএনপির) উচিত ষড়যন্ত্রের পথ ছেড়ে সরকারের সাথে দেশের কাজ করা।’

বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগের সভাপতি মোঃ আলী হোসেনের সভাপতিত্বে আওয়ামী লীগ প্রচার উপ-কমিটির সদস্য আব্দুল আউয়াল শামীম ও মোটর চালক লীগের নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে