নেপালে ইউএস বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় কন্ট্রোল রুমের দায় এড়ানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচক। এছাড়া দুর্ঘটনায় পাইলট আবিদ সুলতানকে একতরফা দোষারোপ করা হয়েছে বলে জানায় সংস্থাটি। সোমবার রাজধানীর বেবিচক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংস্থার দুর্ঘটনা তদন্ত বিষয়ক প্রধান ক্যাপ্টেন সালাউদ্দিন এম রহমতুল্লাহ।
এর আগে, ইউএস বাংলা এয়ারলাইনসের বিমান দুর্ঘটনার জন্য পাইলটকে দোষারোপ করে নেপালের তদন্ত কমিশন। সোমবার তদন্তকারী প্যানেলের পক্ষ থেকে জানানো হয়, ফ্লাইট বিএস-২১১ এর পাইলট আবিদ সুলতান মানসিকভাবে বিপর্যস্ত থাকাতেই দুর্ঘটনা ঘটে। গতবছর ১২ মার্চ ঢাকা থেকে ৬৭ জন যাত্রী ও চারজন ক্রু নিয়ে কাঠমান্ডুতে নামার সময় বিধ্বস্ত হয় ইউএস-বাংলার ওই উড়োজাহাজ। আরোহীদের মধ্যে ৫১ জনের মৃত্যু হয়, যাদের ২৭ জন ছিলেন বাংলাদেশি।
নেপালের তদন্ত কমিশন বলছে, ককপিটের ভয়েস রেকর্ডার পরীক্ষার পর, তাদের কাছে স্পষ্ট হয়েছে যে, ক্যাপ্টেন বড় ধরনের মানসিক চাপের মধ্যে ছিলেন। প্রায় এক ঘণ্টার ওই ভয়েস রেকর্ডে কো-পাইলট পৃথুলা রশিদের সঙ্গে কথোপকথনে পাইলট আবিদের মানসিক অস্থিরতা এবং পরিস্থিতি নিয়ে তার অসতর্কতার বেশ কিছু নমুনা পাওয়া গেছে বলে জানানো হয় প্রতিবেদনে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























