বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিদেশে পলাতক দণ্ডপ্রাপ্ত সব আসামিকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। সকালে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিটিশ হাই-কমিশনারের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী। এসময়, রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের নির্বাচন পরবর্তী সংলাপের প্রচেষ্টাকে স্বাগত জানান ব্রিটিশ হাইকমিশনার।
মন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব নেয়ায় সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ কে আব্দুল মোমেনের সাথে সৌজন্য সাক্ষাত করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক। ঘন্টাব্যাপি বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি বৈঠকে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরত পাঠানোর বিষয়েও আলোচনা হয়। পরে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্রিটিশ হাইকমিশনার বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের আবারো সংলাপের প্রচেষ্টা ইতিবাচক। এসময় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতার গ্রহণযোগ্য তদন্তের তাগিদ দেন তিনি।
সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশে পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে সরকার। লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি।
এসময় মন্ত্রী আরও জানান, রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারকে চাপ প্রয়োগ করছে যুক্তরাজ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মানি সফরে দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের সঙ্গে সাইড লাইনে বৈঠকের বিষয়েও জানান পররাষ্ট্রমন্ত্রী।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























