হাসপাতালে চিকিৎসক না থাকলে ওএসডি, আর নার্স সেবা না দিলে অব্যাহতি দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত হবে বায়োমেট্রিকে।

সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। পাশাপাশি, বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার মান বাড়াতে নজরদারি বাড়ানোর তাগিদও দেন সরকারপ্রধান। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর, নানা মন্ত্রণালয় পরিদর্শনের অংশ হিসেবে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে যান শেখ হাসিনা। সূচনা বক্তব্যে স্বাস্থ্যখাতে নেয়া নানা উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, শিশু ও মাতৃমৃত্যু হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তৃণমূলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়াই তার সরকারের লক্ষ্য।

জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালে চিকিৎসকদের হাজির থাকার আহ্বান জানিয়ে, অনুপস্থিত থাকলে কঠোর হওয়ার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী। সেবার মানসিকতা নিয়ে আরো আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনে সেবিকাদের প্রতিও নির্দেশ, প্রধানমন্ত্রীর। একই সঙ্গে মান বাড়াতে বেসরকারি মেডিকেল কলেজের ওপর শতভাগ নজরদারির তাগিদ দেন, তিনি। পাশপাশি, চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালকে সিসি টিভিক্যামেরার আওতায় আনার নির্দেশনাও দেন শেখ হাসিনা। এর আগে, মন্ত্রণালয়ের নান সমস্যা ও চাহিদা তুলে ধরে প্রধানমন্ত্রীর সহযোগিতা চান, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। জানান, ১০ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে।

বেসরকারি মেডিকেলে শিক্ষা ও সেবার মান বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের প্রতিটি বিভাগীয় শহরে আরো বড় মাপের হাসপাতাল গড়ে তোলা হবে। সকালে, স্বাস্থ্য মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে এসব বলেন প্রধানমন্ত্রী।

এসময় তিনি আরো বলেন, চিকিৎসকদের জন্য দুই বছর ইন্টার্নশিপের ব্যবস্থা করতে হবে। এরমধ্যে এক বছর থাকতে হবে উপজেলা পর্যায়ের হাসপাতালে। প্রত্যেক সরকারী হাসপাতালে বায়মেট্রিক পদ্ধতি চালু করে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দায়িত্বে অবহেলা করলে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি।

নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে