ব্যাপক আয়োজন আর অভিযান চালিয়ে ফুটপাত ও গুরুত্বপূর্ণ সড়ক হকারমুক্ত করার দুই-একদিনের মধ্যে আবার তা আগের অবস্থায় ফিরে যাচ্ছে। ফলে সিটি করপোরেশনের উদ্যোগে সুফল মিলছেনা। এর জন্য রাজনৈতিক সদিচ্ছাকে দুষছেন নগরবাসী। ফুটপাত-সড়ক দখলমুক্ত রাখতে না পারার নেপথ্যে আছে চাঁদাবাজি, স্বীকার করেন খোদ ঢাকা দক্ষিনের মেয়রও।
রাজধানীর পুরানা পল্টন। বুধবার ফুটপাত ও সড়কে হকার উচ্ছেদ অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি করর্পোরেশন। উচ্ছেদ অভিযান চালানো গুলিস্তানের ফুটপাতগুলোতেও হকারদের রাজত্ব। এমন চিত্র পুরো রাজধানী জুড়েই। ফুটপাত দখল থাকায় পথচারীদের চলাচল করতে হচ্ছে সড়ক দিয়ে। ঘটছে দুর্ঘটনা।
অভিযোগ আছে, রাজনৈতিক নেতা-কর্মীদের একটি প্রভাবশালী মহল ফুটপাতে চাঁদাবাজির সঙ্গে জড়িত। তাদের কারণেই ফুটপাত দখলমুক্ত করা যাচ্ছে না স্বীকার করছেন ঢাকা দক্ষিণের মেয়রও। তবে পর্যায়ক্রমে রাজধানীর সব এলাকা দখলমুক্ত করা হবে বলে জানান তিনি।
ফুটপাত ও সড়কে হকার উচ্ছেদের পর, তারা যেন আবার না বসতে পারে এজন্য নিয়মিত নজরদারির কথা জানাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পুলিশের হিসেবে গত একবছরে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১৯২ জনের। নিহতদের প্রায় ৪২ শতাংশ পথচারী।
নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ


























