আমদানি-রপ্তানি বাণিজ্য সহজের জন্য সংশ্লিষ্ট ৩৯ সংস্থাকে এক ছাদের নিচে আনতে বাস্তবায়ন হচ্ছে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্প। বিশ্বব্যাংকের অর্থায়নে এ প্রকল্পের প্রায় ৩০ ভাগ কাজ শেষ হয়েছে। এনবিআর কর্মকর্তারা জানান, ২০২১ সালেই চালু হবে এ ব্যবস্থা।

কাস্টমস ব্যবস্থাকে ২০২১ সালের মধ্যে উন্নত বিশ্বের সমকক্ষ করতে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্পসহ বাস্তবায়ন হচ্ছে ৯টি বিশেষ উদ্যোগ। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তারা জানিয়েছেন, এর ফলে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য সহজ হওয়ার পাশাপাশি কমবে যাত্রী হয়রানি।

২০১১ সাল থেকে প্রতিবছরের ২৬ জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবস পালন করছে ওয়ার্ল্ড কাস্টম অর্গানাইজেশন। এবারের দিবসের প্রতিপাদ্য বাণিজ্য, ভ্রমণ ও পরিবহনের জন্য আধুনিক সীমান্ত ব্যবস্থা। দুই বৈশ্বিক সংগঠন বিশ্ববাণিজ্য সংস্থা ও কাস্টমস অর্গানাইজেশনের সনদে সই করা দেশ হিসেবে কাস্টমস ব্যবস্থার উন্নয়নে নানা উদ্যোগ বাস্তবায়ন হচ্ছে বাংলাদেশেও। কর্মকর্তারা জানান, বন্দরে কোনো পরীক্ষা ছাড়াই কোম্পানিগুলোকে পণ্য আমদানি-রপ্তানির সুযোগ দিতে এইও ব্যবস্থাও চালু হচ্ছে। প্রাথমিকভাবে তিন কোম্পানি পাচ্ছে এ সুযোগ। আবার কন্টেইনার জট কমাতে সরকারি ও ভালো কোম্পানির পণ্য খালাসে বন্দরে চালু হচ্ছে তিন ধরনের চ্যানেল। একইভাবে বিমানবন্দরে বিশেষ যাত্রীদের জন্যও চালু হচ্ছে আলাদা চ্যানেল।

কর্মকর্তারা জানান, নিলাম প্রক্রিয়া সহজ করতে ই-অকশন বাস্তবায়ন শেষ পর্যায়ে। এছাড়া কাস্টমস সম্পর্কিত তথ্যের অবাধ প্রবাহের জন্য চালু হচ্ছে দুটি ওয়েবসাইট। পুরো ব্যবস্থাপনার ঝুঁকি কমাতে সহযোগিতা দিচ্ছে নিউজিল্যান্ড।

নিউজ ডেস্ক।।বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে