প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র সেবা দেয়ার পরিকল্পনার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। সিঙ্গাপুর থেকে পরীক্ষামূলকভাবে এ কাজ শুরু হবে। আর এ লক্ষ্যে ফেব্র“য়ারির মাঝামাঝিতে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলকে সিঙ্গাপুর পাঠানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
আগামী এপ্রিল থেকে প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার কাজ শুরু করতে চান তারা। সব ঠিক থাকলে সিঙ্গাপুরে অবস্থানরত বাংলাদেশিরাই প্রথম এ সুযোগ পাবেন। এক দশক আগে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হলে প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার দাবিটি আলোচনায় আসতে থাকে। এরই মাঝে সরকার ভোটারদের হাতে বায়োমেট্রিক তথ্য সম্বলিত স্মার্ট কার্ড দেয়া শুরু করলেও নানা জাটিলতায় প্রবাসীদের ভোটার করার প্রক্রিয়া আটকে থাকে।
ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম শুক্রবার গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে সিঙ্গাপুরে পাইলট প্রকল্পের মাধ্যমে কাজ শুরু করার পরিকল্পনা করা হয়েছে। সিঙ্গাপুরের পাইলট প্রকল্প সফল হলে এরপর সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, সৌদি আরবসহ অন্যান্য দেশে অবস্থানরত বাংলাদেশিদের হাতে জাতীয় পরিচয়পত্র দেয়ার কর্মপরিকল্পনা নেয়া হবে।
নিউজ ডেস্ক || বিডি টাইম্স নিউজ

























