পোশাক খাতের শ্রমিকদের বিক্ষোভের প্রেক্ষাপটে ঘোষিত নতুন মজুরি কাঠামো পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য মালিকপক্ষের ৫ জন, শ্রমিক পক্ষের ৫ জন ও সরকারের দুই সচিবকে নিয়ে ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিকেলে রাজধানীর শ্রম ভবনে জরুরি বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সহিংসতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

ঘোষিত বেতন কাঠামোতে বৈষম্য দূর করাসহ বিভিন্ন দাবিতে গত কয়েকদিন ধরে রাস্তায় নেমে আন্দোলন করেন পোশাক শ্রমিকরা। রোববার সকালেও রাজধানীর কালশিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। দক্ষিণখানেও একই দাবিতে বিক্ষোভ করেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিক। শ্রমিকদের অভিযোগ, নিম্নতম মজুরি ঠিক হওয়ার পরেও তা বাস্তবায়ন করা হচ্ছে না অনেক কারখানায়।

সংকট সমাধানে শ্রম ভবনে ত্রিপক্ষীয় বৈঠক করেন মালিক, শ্রমিক ও সরকারের প্রতিনিধিরা। বৈঠক শেষে জানানো হয়, চলতি মাস থেকেই সংশোধিত মজুরি কাঠামো অনুযায়ী বেতন পাবেন শ্রমিকরা। কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সরকার সহ্য করবে না- বলেও হুঁশিয়ার করেন বাণিজ্যমন্ত্রী। নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের পাশাপাশি সময়মতো বেতন দেয়ার দাবিতে সাভারের হেমায়েতপুরে বিক্ষোভ করেন কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিক। সেখানে শ্রমিক-পুলিশ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়।

শ্রমিকদের রাস্তায় আন্দোলন না করে কাজে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতারাও। দেড় মাস আগে পোশাক শ্রমিকদের নূন্যতম মজুরি আট হাজার টাকা নির্ধারণ করে নতুন মজুরি কাঠামো ঘোষণা করে সরকার। তবে নতুন মজুরি কাঠামো নিয়ে শুরু থেকেই অসন্তোষ জানিয়ে আসছে শ্রমিকদের একাংশ।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে