আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শর্ত দিয়ে জোট করেনি আওয়ামী লীগ। মন্ত্রিসভায় শরিকদের না থাকা নিয়ে মহাজোটে কোনো বিরোধ নেই বলেও জানান তিনি। মঙ্গলবার সকালে ধানমন্ডিতে মন্ত্রী পরিষদের সদস্যদের শ্রদ্ধা জানানোর পর তিনি আরো বলেন, বর্তমান সরকারের প্রধান লক্ষ্যই হচ্ছে, জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করা।

প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় সঠিক লোকদের জায়গা দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। নতুন মন্ত্রিপরিষদ নিয়ে আওয়ামী লীগের ভেতরে কোনও অসন্তোষ নেই বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নতুন এ মন্ত্রিসভায় যে ৪৭ জনের নাম এসেছে, তাদের মধ্যে ২৭ জন এবারই প্রথম মন্ত্রী-প্রতিমন্ত্রী হচ্ছেন। এছাড়া ২০০৯ সালের মন্ত্রিসভার চারজনকেও আবার ফিরিয়ে এনেছেন শেখ হাসিনা। ২০০৯, ২০১৪ এর পর এবার একাদশ জাতীয় সংসদসহ টানা তৃতীয় মেয়াদে সংসদ নেতা নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা।

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে নৌকা প্রতীকে মহাজোট পেয়েছে ২৮৮টি আসন। অন্যদিকে, ৭টি (বিএনপি ৫টি এবং গণফোরাম ২টি) আসন পেয়েছে ঐক্যফ্রন্ট। এবং ৩ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে