নতুন মন্ত্রিসভাকে শুভেচ্ছা জানিয়েছেন বিদায়ী মন্ত্রীরা। সচিবালয়ে শেষ কর্মদিবসে বাদ পড়া মন্ত্রীদের বেশিরভাগই ছিলেন স্মৃতিকাতর। নতুন মন্ত্রিসভাকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন তারা। অন্যদিকে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলের প্রয়োজনেই নতুন মন্ত্রিসভায় নেই অনেক জ্যেষ্ঠ নেতা।
বঙ্গভবনে একদিকে যখন নতুন মন্ত্রীদের শপথের প্রস্তুতি, সচিবালয়ে তখন বাদ পড়া মন্ত্রীদের বিদায়ের সুর। মন্ত্রী হিসেবে দায়িত্বের শেষ দিনে নিজ নিজ দপ্তর থেকে আনুষ্ঠানিক বিদায় নেন তারা।
শিক্ষা মন্ত্রণালয়ে দুপুরে বিদায় অনুষ্ঠানে গত দশ বছরের স্মৃতিচারণ করেন নুরুল ইসলাম নাহিদ। তুলে ধরেন মন্ত্রণালয়ের নানা অর্জনের কথা। সহযোগিতার জন্য সহকর্মীদের কৃতজ্ঞতাও জানান তিনি।
বাণিজ্য মন্ত্রণালয়েও ছিলে বিদায়ের আয়োজন। এই মন্ত্রণালয়কে নিজের পরিবার উল্লেখ করেন বিদায়ী মন্ত্রী তোফায়েল আহমেদ। নতুন মন্ত্রিসভার জন্য শুভ কামনা জানান তিনি।
আগের মতো নতুন মন্ত্রিসভাতেও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ওবায়দুল কাদের। তার মত, জ্যেষ্ঠ নেতাদের অভিজ্ঞতাকে আরো জোরালোভাবে কাজে লাগাতে চায় আওয়ামী লীগ। মন্ত্রিসভায় বেশি নতুন মুখ সবার প্রশংসা পাচ্ছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























