একাদশ জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে থাকছে জাতীয় পার্টি। দলের কোন সংসদ সদস্য মন্ত্রীসভায় অন্তর্ভূক্ত না হওয়ারও সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুপুরে এক বিবৃতিতে এতথ্য জানান পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এতে আরও বলা হয়, সংসদে বিরোধী দলের নেতা হিসেবে হুসেইন মুহম্মদ এরশাদ এবং উপ-নেতা থাকবেন কো-চেয়ারম্যান জি এম কাদের। এদিকে, দলীয় প্রধানের এই সিদ্ধান্ত সময়োপযোগী বলে মনে করছেন দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নব নির্বাচিত সংসদ সদস্যরা বৃহস্পতিবার শপথ নেন। শপথ অনুষ্ঠান শেষে জাতীয় পার্টির নেতারা জানান, এবারো তারা মহাজোটের সাথে থেকে সরকার গঠন করবে। সেই সাথে সংসদে বিরোধী দলের ভুমিকাও পালন করবে জাতীয় পার্টি। তবে, শুক্রবার দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ স্বাক্ষরিত এক বিবৃতি পাঠানো হয় গণমাধ্যমে। এতে জানানো হয়, সংসদে বিরোধী দলের নেতা হবেন হুসেইন মুহম্মদ এরশাদ। আর উপ-নেতা থাকবেন কো-চেয়ারম্যান জি এম কাদের।

এ বিষয়ে দলের প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ জানান, কার্যকর সংসদ গঠনে দলীয় প্রধানের এই সিদ্ধান্ত যুগান্তকারী। এদিকে, জাতীয় পার্টির এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার সফিক আহমেদ। বলেন, এতে সাংবিধানিক কোনো বাধা নেই।

বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশে একসাথে নির্বাচনী জোট গঠন করে সংসদে বিরোধী দলের ভুমিকা পালন করার নজির আছে বলেও জানান সাবেক এই আইনমন্ত্রী।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে