একাদশ সংসদের নব নির্বাচিত সংসদ সদস্যরা বৃহস্পতিবার শপথ নেবেন। সচিবালয়ে সকালে সংবাদ সম্মেলনে এ কথা জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এছাড়া ১০ জানুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভা গঠন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে সকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮৮ আসন জয়ের মাধ্যমে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট। নতুন সরকার কবে গঠন হবে- এমন প্রশ্ন যখন জনমনে তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানালেন, ১০ জানুয়ারির আগে নতুন মন্ত্রিসভা। এসময় জনরায় মেনে নিতে ঐক্যফ্রন্টের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। পাশাপাশি বিএনপির সাংগঠানিক দুর্বলতার সমালোচনা করেন তিনি।
সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। জানান, আনুষ্ঠানিকভাবে বুধবার গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। তারপরই নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ। ২০১৪ সালের ৮ জানুয়ারি বর্তমান মন্ত্রিসভা গঠিত হয়। আর দশম সংসদ শুরু হয়েছিল ২৮ জানুয়ারি।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























