প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, আমি সবাইকে সতর্ক করছি মাঝপথে নির্বাচন বর্জন করতে পারে বিএনপি। হয়তো নির্বাচন চলাকালীন সময় হঠাৎ মাঝপথে বলবে, আমরা ইলেকশন করব না। আমরা প্রত্যাহার করে নিলাম। ওদের ওরকম একটা চরিত্র আছে।
শনিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বিএনপি -জামাতের হামলায় আহত দিনাজপুর আওয়ামী লীগ নেতা ডাক্তার মাহবুবুর রহমানকে দেখতে গিয়ে এ কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, নির্বাচনে যারা যারা প্রার্থী, অন্যান্য দলের যেসব প্রার্থী বা আমাদের দলের প্রার্থী যারা আছেন, তাদের নির্বাচনটা কিন্তু সম্পূর্ণ চালিয়ে যেতে হবে এবং প্রত্যেকটা ভোটকেন্দ্রে যারা আমাদের প্রতিনিধি থাকবে বা এজেন্ট থাকবে তাদেরকে থাকতে হবে এবং রেজাল্ট নিয়ে না আসা পর্যন্ত নির্বাচনটা চালাতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচন বানচাল করতে সন্ত্রাস ও নানা ষড়যন্ত্র চলছে। ভোটারদের সিদ্ধান্তই চূড়ান্ত। যেকোনো ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকতে তিনি ভোটার ও নির্বাচন সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























