বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকদের হয়রানি করার অর্থ হয় না। বলে দিলেই হয় উনারা সারাজীবন ক্ষমতায় থাকবেন। রাজতন্ত্র প্রতিষ্ঠা করবেন।
শনিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের নিজ বাসায় সংবাদ সম্মেলন ডেকে তিনি এসব কথা বলেন। ভোটের পরিবেশ নিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা আশা করি, জনগণ যদি ভয়ভীতি উপেক্ষা করে ভোটকেন্দ্রে যেতে পারে, তাহলে ফলাফল ঐক্যফ্রন্টের দিকে আসবে বলে আমরা আশা করি।
দশম সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি এবার ভোটে এসেছে জাতীয় ঐক্যফ্রন্ট করে। পাশাপাশি জামায়াতে ইসলামীসহ তার পুরনো শরিকদের সঙ্গেও সম্পর্ক টিকিয়ে রেখেছে। এবার ভোটের প্রচারে নেমে গ্রেপ্তার, হামলাসহ নানা বাধার মুখে পড়তে হয়েছে বিএনপি জোটের প্রার্থীদের। এর মধ্যেও ভোটারদেরকে দলে দলে কেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দ মতো ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জোটের নেতারা।
ফখরুল বলেন, লেভেল প্লেয়িং ফিল্ডের কোনো অস্তিত্ব নেই। আজকের এই পরিস্থিতিতে কোনো ক্রমেই একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। অবাধ নিরপেক্ষ নির্বাচন বাদ দেন, গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না।
তিনি আরও বলেন, আমার নির্বাচনী এলাকার প্রায় ৭০ জন নেতাকে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী আটক করেছে। এই অবস্থা শুধু ঠাকুরগাঁওয়ে নয়, সারাদেশে একই অবস্থা চলছে। এভাবে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এটা নির্বাচনের নামে প্রহসন ছাড়া কিছুই নয়।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























