আগামী ৩০ ডিসেম্বর রোববার ভোটের দিন সড়ক পথে যান চলাচল বন্ধ থাকলেও বিদেশগামীসহ প্রয়োজনীয় কাজে যাতায়াতে বিধিনিষেধ শিথিল থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। এদিন বাস বন্ধ থাকলেও ট্রেন, লঞ্চ ও বিমান চলাচল স্বাভাবিক থাকবে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার বিকালে ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে স্থাপিত ভোটকেন্দ্র পরিদর্শনের সময় সাংবাদিকদের একথা জানান তিনি।

৩০ ডিসেম্বর ভোট গ্রহণ শুরুর আগে মধ্যরাত থেকে ২৪ ঘণ্টা সারাদেশে প্রায় সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে বলে ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। সেক্ষেত্রে বিমানযাত্রীদের বিমানবন্দরে যাওয়ার ক্ষেত্রে সমস্যার বিষয়টি তুলে ধরা হলে ডিএমপি কমিশনার বলেন, যাঁরা প্লেনে, ট্রেনে বা বাসে কোথাও যাবেন তাঁরা প্রয়োজনীয় কাগজপত্র দেখালে বাধাহীনভাবে চলতে পারবেন। যান চলাচল নিয়ন্ত্রণের আওতামুক্ত থাকবে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবা প্রদানকারী সব প্রতিষ্ঠানের যানবাহন। তবে এধরনের বাহন ব্যবহার করে যাতে নির্বাচনে গোলযোগ সৃষ্টি না হয় তা কঠরভাবে দেখবে পুলিশ।

কোনো ভোটারের নিরাপত্তা ব্যাহত হলে কিংবা প্রত্যক্ষ বা পরোক্ষ হুমকি পেলে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর কথা জানান তিনি। সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আছাদুজ্জামান মিয়া। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ঢাকায় মিরপুর, আবদুল গণি রোড, ডিপ্লোম্যাটিক চ্যান্সেরি গুলশান এবং রাজারবাগ পুলিশ লাইনে নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও সশস্ত্র বাহিনীর সদস্যরা নির্বাচনী কাজে টহল দিচ্ছে এবং বিজিবি, আনসার ও র‌্যাব কাজ করছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে