বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলার ঘটনাকে অনাকাঙ্খিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রার্থী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সকালে রাজধানীর পল্টনে গয়েশ্বর রায়কে দেখতে তার কার্যালয়ে গিয়ে এ কথা বলেন তিনি। আজ বুধবার সকালে, রাজধানীর নয়াপল্টনে গয়েশ্বর চন্দ্র রায়কে দেখতে তার কার্যালয়ে যান নসরুল হামিদ বিপু।
এ সময় তিনি বলেন, ‘রাজনীতির বাইরেও গয়েশ্বর চন্দ্র রায়ের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক রয়েছে। গতকালের ঘটনা অনাকাঙ্খিত। এই ঘটনার জন্য যারা দায়ি তাদের বিচার করা উচিত। আমরা একসঙ্গে মিলেই রাজনীতি করবো।’ এ সময় নিজের ওপর হামলায় গোয়েন্দা সদস্যরাও জড়িত থাকতে পারে বলে জানান গয়েশ্বর চন্দ্র রায়। তবে, হামলার জন্য মামলা না করে রাজনৈতিকভাবেই এর সমাধান চান এই বিএনপি নেতা।
প্রসঙ্গত; গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-৩ আসনের বিএনপি প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় রাজধানীর কেরানীগঞ্জের চুনকুটিয়ার চৌরাস্তায় নির্বাচনি গণসংযোগ করছিলেন। এ সময় তার ওপর হামলা চালানো হয়। এতে বিএনপির এই প্রবীণ নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের মাথা ফেটে যায়। হামলার ঘটনায় ঢাকা-৩ আসনের এই প্রার্থীর ২০ থেকে ২৫ জন নেতাকর্মীও আহত হয়েছেন বলে অভিযোগ করেছে বিএনপি।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























